প্রকাশিত: 1:14 AM, June 14, 2026


কুষ্টিয়ায় ‘জব সিকার সামিট ২০২৬’ অনুষ্ঠিত: যুবকদের দক্ষ মানবসম্পদে পরিণত হওয়ার আহ্বান

তরুণ ও যুবকদের ক্যারিয়ার গঠন এবং কর্মসংস্থানের বাজারে নিজেদের যোগ্য করে তোলার লক্ষ্যে কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘জব সিকার সামিট ২০২৬’। বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুষ্টিয়া জেলা শাখার মানবসম্পদ বিভাগের আয়োজনে এই সামিটে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও চাকুরিপ্রার্থী অংশগ্রহণ করেন।

বক্তারা তরুণ সমাজকে কেবল চাকরির পেছনে না ছুটে আধুনিক প্রযুক্তিতে দক্ষ, সৃজনশীল এবং নৈতিকতাসম্পন্ন মানবসম্পদে পরিণত হওয়ার আহ্বান জানান।

​সামিটে প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ খন্দকার এ.কে.এম আলী মুহসিন বলেন, “দেশের প্রধান চালিকাশক্তি হলো তরুণরা। সঠিক দিকনির্দেশনা ও কারিগরি দক্ষতার অভাবে অনেক সময় মেধার পূর্ণ বিকাশ ঘটে না। সততা ও কর্মদক্ষতার সমন্বয়ে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের যুবসমাজকে প্রস্তুত হতে হবে।”

​ক্যারিয়ার গাইডলাইন ও কর্মক্ষেত্রের বর্তমান চাহিদা নিয়ে আলোচনায় আমন্ত্রিত অতিথিরা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কেবল প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট যথেষ্ট নয়। এর পাশাপাশি কারিগরি জ্ঞান এবং পেশাদারিত্ব বজায় রাখাই সফলতার মূল চাবিকাঠি।
​সামিটে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দ্দার এবং সহকারী সেক্রেটারি ও মানবসম্পদ বিভাগ পরিচালক অধ্যাপক মাজারুল হক মমিন। এছাড়া তরুণদের দিকনির্দেশনা দেন জেলা যুব বিভাগের পরিচালক মমিন বিশ্বাস।

​কারিগরি ও ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়ার নানাদিক নিয়ে আলোচনা করেন কুষ্টিয়া টিটিসি’র ইন্সট্রাক্টর মো. আশরাফুল করিম পলাশ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ-এর প্রিন্সিপাল অফিসার চৌধুরী সাদিকুজ্জামান শুভ। তারা বর্তমান বাজারের দক্ষতা বৃদ্ধিতে তরুণদের করণীয় সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেন।

​সামিটে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে সন্তোষ প্রকাশ করেন। ক্যারিয়ার গঠনের দিকনির্দেশনা এবং চাকুরির বাজারের আধুনিক কৌশল সম্পর্কে জানতে পেরে তারা নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকদের পক্ষ থেকে তরুণদের কল্যাণে ভবিষ্যতে এ ধরনের গঠনমূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।