রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
ইসলামী ব্যাংকের ওপর ‘নগ্ন হস্তক্ষেপ’ ও অবৈধ প্ররোচনার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন


বেসরকারি খাতের অন্যতম শীর্ষ বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ’ পিএলসি-এর ওপর অবৈধ প্ররোচনা ও নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ১১ টার দিকে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ব্যাংকটির সাধারণ গ্রাহক ও স্থানীয় সচেতন নাগরিকেরা এই কর্মসূচিতে অংশ নেন।
ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা ব্যাংকের স্বায়ত্তশাসন ও আমানতকারীদের স্বার্থ রক্ষার দাবি জানান। একই সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রমে বাইরের প্রভাব বিস্তারের তীব্র নিন্দা জানানো হয়।
মানববন্ধন শেষে ক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংক কার্যালয়ের ভেতরে গিয়ে প্রায় দুই ঘণ্টা ‘কলম বিরতি’ পালন করেন। এ সময় তারা ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ গ্রাহক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন এবং প্রতিষ্ঠানটির ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক ও ব্যবসায়ী শামসুজ্জামান জুয়েল, খুরশিদ আলম, শামীম হোসাইন প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, “লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের ওপর নগ্ন হস্তক্ষেপ চালানো হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” তারা আরও বলেন, সাধারণ মানুষের কষ্টার্জিত আমানতের নিরাপত্তা এবং ব্যাংকের স্বাধীন কার্যকারিতা ক্ষুণ্ন করার যেকোনো অপচেষ্টা গ্রাহকরা রুখে দেবে।
তীব্র ক্ষোভ প্রকাশ করে বক্তারা অবিলম্বে ব্যাংকের ওপর সব ধরনের অবৈধ হস্তক্ষেপ ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানান। অন্যথায়, সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষায় আগামীতে আরও কঠোর ও শান্তিপূর্ণ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

