প্রকাশিত: 1:30 PM, June 20, 2026


কুষ্টিয়ায় হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন কাজের উদ্বোধন: জলাবদ্ধতা নিরসনে আশার আলো

জিয়ারুল ইসলাম: কুষ্টিয়া জেলার জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে হিসনা ও সাগরখালী নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে মিরপুর উপজেলার লক্ষ্মীপুর ব্রিজ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই খনন কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া-২, ৩ ও ৪ আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক মোসাঃ ফরিদা ইয়াসমিন।

​পানি উন্নয়ন বোর্ড, কুষ্টিয়ার বাস্তবায়নাধীন এই প্রকল্পটি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করছেন।

​উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বিভাগ, কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী (পুর) মোঃ রাশিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোসাঃ ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, “বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিতে কুষ্টিয়ার কৃষি ও পরিবেশ রক্ষায় এই নদী ও খালগুলো খনন করা হচ্ছে। নদীগুলো নাব্যতা ফিরে পেলে এলাকার জলাবদ্ধতা দূর হবে এবং চাষিরা তাদের জমিতে সেচ সুবিধা পাবেন, যা কৃষি উৎপাদনে নতুন গতি আনবে।

এছাড়া বক্তব্য রাখেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

​উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হিসনা ও সাগরখালী নদী পলি জমে ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হতো। এই খনন প্রকল্পের মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।