প্রকাশিত: 9:55 AM, June 29, 2026


কুষ্টিয়ার পোড়াদহ বাজার বণিক সমিতির নির্বাচন: ঘোষিত ফলাফল মানছে না পরাজিত চক্র, উত্তেজনার আশঙ্কা

জিয়ারুল ইসলাম, কুষ্টিয়া: কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পোড়াদহ নতুন বাজার বণিক সমিতির নির্বাচন ২০২৬ সম্পন্ন হওয়ার পর এখন তা ঘিরে শুরু হয়েছে নতুন করে উত্তেজনা ও অস্থিরতা।

গত ১৭ জুন ২০২৬ তারিখে অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হলেও, বিজয়ী প্রার্থীদের কাছে দায়িত্ব হস্তান্তর না করে একটি পরাজিত চক্র নির্বাচনের ফলাফল স্থগিতের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​সোমবার বিকেলে নির্বাচনে অংশগ্রহণকারী সভাপতি পদপ্রার্থী মো. খালেকুজ্জামান ভূঁইয়া এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, নির্বাচনের দিন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় এবং উপস্থিত সকল প্রার্থীর এজেন্টরা ফলাফল মেনে নিয়ে স্বাক্ষর করেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে: সভাপতি পদে: মো. খালেকুজ্জামান ভূঁইয়া (ছাতা প্রতীক) ১৮২ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আসাদুল হোসেন (আনারস প্রতীক) পেয়েছেন ১১৬ ভোট। সাধারণ সম্পাদক পদে: মো. আসাদুলজ্জামান (হাতপাখা প্রতীক) ১২১ ভোট পেয়ে প্রথম হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রবিউল ইসলাম (টিউবওয়েল প্রতীক) পেয়েছেন ১০৯ ভোট।

অভিযোগ রয়েছে, নির্বাচনের পরের দিন অর্থাৎ ১৮ জুন থেকে একটি পক্ষ অহেতুক নানা অজুহাত ও তালবাহানা শুরু করে। তারা ঘোষিত ফলাফল অস্বীকার করে তা পরিবর্তনের জন্য বিজয়ী প্রার্থীদের ওপর চাপ প্রয়োগ ও হুমকি প্রদর্শন করছে বলে দাবি করেছেন মো. খালেকুজ্জামান। এতে সমিতির সাধারণ ব্যবসায়ীদের মাঝে চরম উদ্বেগ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে ভুক্তভোগী প্রার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করে বলেছেন, সবার উপস্থিতিতে এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনের ঘোষিত ফলাফল অবিলম্বে কার্যকর করা না হলে বাজারে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে।

​সংশ্লিষ্টরা মনে করছেন, বণিক সমিতির মত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নির্বাচনকে ঘিরে এই ধরনের অগণতান্ত্রিক আচরণ সামগ্রিক ব্যবসায়িক পরিবেশকে ব্যাহত করতে পারে। তাই দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করে ব্যবসায়ীদের প্রত্যক্ষভোটে নির্বাচিত ও ঘোষিত ফলাফল বহাল রাখার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।