প্রকাশিত: 11:31 PM, June 13, 2026


কুষ্টিয়ায় ব্যক্তিমালিকানাধীন জমি দখল ও জালিয়াতির মাধ্যমে বাড়ির প্ল্যান পাশ ও প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ

গত ১১ জুন ২০২৬ তারিখে একটি ইলেকট্রনিক মিডিয়ায় কুষ্টিয়ার একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রচারিত সংবাদের একাংশে কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, সহকারী পরিচালক,জেলা সমাজসেবা কার্যালয়,যশোরকে জড়িয়ে যে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশন করা হয়েছে বলে দাবী করেছেন কাজী কাদের মোঃ ফজলে রাব্বি। তিনি এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।তিনি বলেন, সংবাদটিতে আমাকে সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি-ধমকি প্রদানকারী এবং তিনটি পরিবারকে অবরুদ্ধকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা সর্বৈব মিথ্যা ও ভিত্তিহীন।
​সংবাদটিতে দাবি করা হয়েছে যে, ভুক্তভোগী পরিবারগুলো দীর্ঘ ২১ বছর ধরে ওই পথ ব্যবহার করছে। অথচ প্রকৃত সত্য হলো, ওই জায়গাটি সম্পূর্ণ আমার ব্যক্তিমালিকানাধীন সম্পত্তি (আর.এস খতিয়ান-২৬০, আর.এস দাগ-২৫৮৪)। বাস্তব চিত্র হলো, ওই এলাকায় মাত্র ২-৩ বছর আগে বসতবাড়ি তৈরি হয়েছে, তার আগে জায়গাটি পুকুর ছিল। কোনো ব্যক্তিমালিকানাধীন জমিকে জালিয়াতির মাধ্যমে ‘মুজিবর রহমান সড়ক’ হিসেবে দেখিয়ে কুষ্টিয়া পৌরসভা থেকে বাড়ির প্ল্যান পাশ করানো হয়েছে, যা আইনত চরম বিতর্কিত ও বেআইনি।
​একজন প্রজাতন্ত্রের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি অত্যন্ত বিস্ময়ের সাথে লক্ষ্য করছি যে, সাংবাদিকতার মতো মহান পেশার আড়ালে কোনো প্রকার যাচাই-বাছাই না করেই একপাক্ষিক বক্তব্য প্রচার করা হয়েছে। সন্ত্রাসী বাহিনীর অস্তিত্বের কোনো প্রমাণ ছাড়াই আমার সুনামকে জনসমক্ষে পদদলিত করার অপচেষ্টা চালানো হয়েছে।
​আমি সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানাতে চাই, ব্যক্তিমালিকানাধীন জমির মালিকের অনুমতি ব্যতিরেকে রাস্তা দেখিয়ে প্ল্যান পাশ করানোর কোনো আইনি সুযোগ নেই। আমি এই বানোয়াট ও হয়রানিমূলক সংবাদ প্রচারের সাথে জড়িত সবার এই অপকৌশলের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানাচ্ছি। বিভ্রান্তিকর এই সংবাদের মাধ্যমে আমার যে সামাজিক সম্মানহানি করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত।
​তিনি প্রত্যাশা করে বলেন, সত্যের জয় হোক এবং সাংবাদিকতার নীতিমালার যথাযথ প্রতিফলন ঘটুক।