প্রকাশিত: 10:07 PM, July 13, 2026


কুষ্টিয়া জেলা জামায়াতের নতুন সেক্রেটারি মাওলানা এনামুল হক, সুজাউদ্দিনকে অব্যাহতি ​

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার নতুন সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কুষ্টিয়া শহর জামায়াতের আমির মাওলানা মোঃ এনামুল হক।

সোমবার (১৩ জুলাই, ২০২৬) সন্ধ্যায় দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

​এর আগে, আজ সোমবার সকালে জেলা কর্মপরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে কেন্দ্রীয় সিদ্ধান্তসহ সর্বসম্মতিক্রমে মাওলানা মোঃ এনামুল হককে জেলা সেক্রেটারি হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া কুষ্টিয়া জেলা জামায়াতের সদ্য সাবেক সেক্রেটারী মাযহারুল হক মমিনের স্থলে যুব বিভাগের সেক্রেটারী মমিন বিশ্বাস দায়িত্ব পালন করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংগঠনের সাম্প্রতিক এক সিদ্ধান্ত ও গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী—কোনো পুরুষ ব্যক্তি নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্যপদ (রুকন) কিংবা কোনো সাংগঠনিক দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। এই নিয়মের আলোকেই বিদায়ী সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার ও মাযহারুল হক মমিনকে তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

​যোগাযোগ করা হলে সদ্য সাবেক জেলা সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার জানান, সংগঠনের সিদ্ধান্তের প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তিনি বলেন, “জেলা জামায়াতের সেক্রেটারি পদ লাভের আগেই আমি বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলাম। সে সময় গঠনতন্ত্রের এই ধারাটি শিথিল থাকায় দায়িত্ব পালনে কোনো বাধা ছিল না। তবে বর্তমানে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নিয়মটি কঠোরভাবে কার্যকর করায় আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের এই সিদ্ধান্তে আমার মনে কোনো ক্ষোভ বা কষ্ট নেই। একজন অনুগত কর্মী হিসেবে আমি দলের সিদ্ধান্তকে স্বাগত জানাই।”

এদিকে নবনিযুক্ত জেলা সেক্রেটারি মাওলানা মোঃ এনামুল হক দায়িত্ব নেওয়ার পর জেলা জামায়াতের সকল স্তরের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করেন।