রুপান্তর নিউজ রুপান্তর নিউজ
Admin
টিসিবির ডিলারদের পুনর্নবায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


জিয়ারুল ইসলাম: মেয়াদের শর্ত শিথিল করে টিসিবি ডিলারদের লাইসেন্স পুনর্নবায়নের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন কুষ্টিয়ার টিসিবি ডিলাররা।
মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে ডিলাররা উল্লেখ করেন, দীর্ঘ সময় ধরে তারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করে আসছেন। কিন্তু সম্প্রতি টিসিবি কর্তৃক ২০২২ এবং ২০২৬ সালের জুন মাসে যাদের মেয়াদের সময়সীমা শেষ হয়েছে, তাদের পুনর্নবায়ন না করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রকার সুনির্দিষ্ট অভিযোগ বা অনিয়ম ছাড়াই কেবল মেয়াদের ভিত্তিতে পুনর্নবায়ন বন্ধ রাখার এই সিদ্ধান্ত তাদের জন্য হতাশাজনক এবং বৈষম্যমূলক বলে দাবি করেছেন ডিলাররা।
ডিলারদের প্রধান দাবিগুলো হলো: ২০২৫ ও ২০২৬ সালের জুন মাসে মেয়াদের সময়সীমা উত্তীর্ণ টিসিবি ডিলারদের পুনর্নবায়ন বন্ধ রাখার নির্দেশ অবিলম্বে প্রত্যাহার করা। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়ম বা শাস্তিমূলক কোনো অভিযোগ নেই, তাদের দ্রুত পুনর্নবায়ন করা।
পুনর্নবায়নের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী যোগ্যতা, কর্মদক্ষতা ও অভিজ্ঞতাকে মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা। সুষ্ঠু তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত না করে একতরফা সিদ্ধান্ত গ্রহণ না করা।
স্মারকলিপি প্রদানকালে কুষ্টিয়ার স্থানীয় টিসিবি ডিলারদের মধ্যে মো. ফিরোজুর রহমান, ইজাজুল হোসেন, মোঃ শহিদুল আলম, আরিফুল ইসলাম, মোঃ আমিনুর রহমান লিটন, আনোয়ার হোসেন, আঞ্জুমানারা বেগম, কামাল হোসেন, মাহফুজুর রহমানসহ তালিকাভুক্ত প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন যে, মানবিক ও প্রশাসনিক দিক বিবেচনা করে সরকার তাদের এই ন্যায্য দাবিটি সদয়ভাবে বিবেচনা করবে।

