প্রকাশিত: 8:50 AM, January 18, 2026


জুলাই গণঅভ্যুত্থানের তরুণদের নতুন প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’

জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থি মতাদর্শের তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন’ (এনপিএ) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে এনপিএর ঘোষণাপত্র পাঠ ও সংগঠন কাঠামো ঘোষণা করা হয়।

মানবজমিনসহ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এনপিএর তিন মুখপাত্র হলেন ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও নাজিফা জান্নাত। ফেরদৌস আরা রুমী ও তুহিন খান লেখক ও অ্যাক্টিভিস্ট হিসেবে পরিচিত, আর নাজিফা জান্নাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। প্ল্যাটফর্মটির ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিলও প্রকাশ করা হয়েছে, যেখানে জুলাই আন্দোলনে সক্রিয় বিভিন্ন ক্ষেত্রের তরুণ, ছাত্র, কর্মী ও পেশাজীবীরা যুক্ত আছেন।

ঘোষণাপত্রে বলা হয়, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা—এই পাঁচ মূলনীতিকে ধারণ করে এনপিএ পথচলা শুরু করেছে। অভ্যুত্থানের পরও রাষ্ট্রীয় বাহিনীর হাতে নাগরিকের রক্ত ঝরা, উগ্র গোষ্ঠীর হামলা এবং নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার কথা উল্লেখ করে বলা হয়, যারা নাগরিকের অধিকারকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক পরিসর গড়ে তুলতে চায়, তাদের শক্তি একত্র করাই এনপিএর লক্ষ্য। আত্মপ্রকাশ অনুষ্ঠান সঞ্চালনা করেন মীর হুযাইফা আল মামদূহ। তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যে সংবাদ সম্মেলন করে এনপিএর পরবর্তী কর্মসূচি, সাংগঠনিক বিস্তার ও নির্বাচনী-রাজনৈতিক অবস্থান বিস্তারিত জানানো হবে।